শিরোনাম
Passenger Voice | ০২:১০ পিএম, ২০২৬-০৬-০৫
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে এই সমঝোতা স্বাক্ষরিত হয়য়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। পাশাপাশি, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ তুরস্ককে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
তিনি আরও জানান, শিক্ষা ও প্রযুক্তিখাতে তুরস্কের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এবং রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির কার্যকর ও জোরদার ভূমিকার আহ্বান জানিয়েছে ঢাকা।
এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি।
তিনি জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ২ বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে তুরস্ক। পাশাপাশি, তারা এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চায় বলেও জানান তিনি।
এছাড়া বাংলাদেশ রোহিঙ্গা সম্পরদায়কে স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করবে তুরস্ক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত