শিরোনাম
Passenger Voice | ১১:০১ এএম, ২০২৬-০৬-০৫
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স নামে বাসটি ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার প্রস্তুতিকালে ৭ নম্বর ঘাটের পন্টুন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার আগে বাসটি থেকে যাত্রী নামানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বাসটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
উল্লেখ্য, এর আগেও দৌলতদিয়া ফেরিঘাটে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হলেও আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত