দিনাজপুরে আরবি শিখতে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

Passenger Voice    |    ০৩:৩৭ পিএম, ২০২৬-০৬-০৪


দিনাজপুরে আরবি শিখতে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে মসজিদে আরবি শিখতে যাওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল আমিন (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোন সুমনা আক্তার (১১) আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ভাদুরিয়া এলাকায় চৌধুরী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে সেখান থেকে ট্রাকচালক ঝিনাইদহ জেলার সদর উপজেলার বাসিন্দা আলতাফ হোসেন (৫৫) ও তাঁর এক অপ্রাপ্তবয়স্ক সহকারীকে আটক করে পুলিশ। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস।

আল আমিন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া–উবারপাড়া গ্রামের শামিম হোসেনের সন্তান। সে একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমানের সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে গ্রামের ডাকবাংলো জামে মসজিদে আরবি শিখতে যাচ্ছিল আল আমিন ও সুমনা। পথে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে খুলনা থেকে দিনাজপুর অভিমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় দিনাজপুর–গোবিন্দগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আল আমিন ও সুমনা। একপর্যায়ে তাদের পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় আল আমিন ট্রাকের চাকার নিচে পড়ে এবং তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা সুমনাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটির সামনের চাকার পাশে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুটির লাশ। এর পাশেই পড়ে আছে কালো রঙের একটি ব্যাগ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বলেন, আল আমিনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।