ঈদের ছুটিতেও দৈনিক দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

Passenger Voice    |    ০৯:০১ পিএম, ২০২৬-০৬-০৩


ঈদের ছুটিতেও দৈনিক দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহার বন্ধের দিনগুলোতে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। এ সময়ে যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও প্রস্তুত রাখা হয়েছিল।

বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গনসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময়ে ঈদের দিন ব্যতীত অন্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী দৈনিক ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে এবং দৈনিক গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।

যাত্রী চাহিদার প্রেক্ষিতে তাৎক্ষণিক ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়। ডিএমটিসিএলের সব কর্মকর্তা/কর্মচারী সরকারি ছুটির দিনেও নিরলস কাজ করেছেন।

সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় সহযোগিতা করায় যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমটিসিএল।