কুয়াকাটা সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

Passenger Voice    |    ০৫:১০ পিএম, ২০২৬-০৬-০৩


কুয়াকাটা সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত তিমি। ৫৮ ফুট দৈর্ঘ্যের তিমিটি বেলিন প্রজাতির বলে জানা গেছে।

বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে সৈকতের ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসে। দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে সকালে কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা (উপরা) আন্দোলন কুয়াকাটার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব না হলে স্রোতের টানে সেটি ঝাউ বাগান এলাকায় ভেসে আসে।

উপরা এর আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এটি জীব বৈচিত্র্যের জন্য একটি অশনি সংকেত। তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।