বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের রহস্যজনক মৃত্যু

Passenger Voice    |    ১০:৩৯ এএম, ২০২৬-০৬-০৩


বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর মুগদা এলাকার একটি বাসায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এডি) তানভীর হুসাইন শুভর রহস্যজন মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসায় তিনি একা থাকতেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে তানভীরের কোনো সাড়া-শব্দ না পেয়ে এবং বাসা থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরের একটি কক্ষে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

এ বিষয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান বলেন, মরদেহ থেকে গন্ধ বের হওয়ায় মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তা নামানো সম্ভব হয়নি। ধারণা করছি, আরও দুই-তিন দিন আগে ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ঈদের দিন বাসার মালিকের সঙ্গে ওই কর্মকর্তার কথা হয়েছিল। এরপর থেকে আর তাকে দেখা যায়নি।

তিনি বলেন, উদ্ধারের পর ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গতকাল রাতে ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি ‘আত্মহত্যা’ না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।