শিরোনাম
Passenger Voice | ০৩:৩৯ পিএম, ২০২৬-০৬-০১
ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে অফিস-কলকারখানা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ঈদ-পরবর্তী সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপের যে আশঙ্কা ছিল, বাস্তবে দেখা গেছে তার উল্টো চিত্র।
সোমবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায়, ঘাটজুড়ে ছিল স্বস্তির আবহ। কোথাও দেখা যায়নি যানবাহনের দীর্ঘ সারি, ছিল না অপেক্ষমাণ যাত্রীদের ভিড় কিংবা পারাপার নিয়ে কোনো ভোগান্তি। বরং পাটুরিয়া ঘাটে কয়েকটি ফেরিকে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সংশ্লিষ্টদের মতে, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পদ্মা সেতু চালুর পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যানবাহনের বিকল্প পথে চলাচল এবং কর্মজীবীদের ধাপে ধাপে ফেরার কারণে এ রুটে অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি হয়নি।
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মস্থল ঢাকায় ফিরছেন রাজবাড়ী জেলার বাসিন্দা ইমারত মিয়া। তিনি বলেন, এ বছর ঈদের দুই দিন আগেই ছুটি পেয়েছিলাম। তেমন ভোগান্তি হয়নি। ঢাকায় ফেরার পথেও কোনো ভোগান্তি নেই। ঘাটে এসে সরাসরি গাড়ি ফেরিতে উঠে পরেছে।
ফরিদপুরের বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, এবার ঘাটে তেমন গাড়ির চাপ নেই। মানুষ ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছে। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যাত্রী এবং যানবাহনের চাপ কমেছে।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। আরও তিনটি ফেরি প্রস্তুত আছে চাপ বাড়লে কাজে লাগানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত