গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি

Passenger Voice    |    ১১:১১ এএম, ২০২৬-০৫-২৬


গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড় ও গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা এলাকায় ৫ কিলোমিটার সড়কে ধীর গতিতে চলছে উত্তর অঞ্চলের গণপরিবহন। একদিকে বৃষ্টি, তার মধ্যে সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায়ও ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন পরিবহন।

আজ মঙ্গলবার সকালে সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা ঘুরে এই অবস্থা দেখা গেছে।

পুলিশ, চালক ও যাত্রী এবং স্থানীয় সূত্র বলেছে, ঈদ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে। পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি এবং বৃষ্টির কারণে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের সফিপুর-চন্দ্র এলাকায় প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীর গতিতে চলছে। এতে বাড়ি ফেরার মানুষের ভোগান্তি বেড়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

গাজীপুরে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনেরও চাপ বেড়ে গেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা অংশের ৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তবে পুলিশ যানবাহন স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।