ঈদযাত্রা নির্বিঘ্নে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

Passenger Voice    |    ০৪:০২ পিএম, ২০২৬-০৫-২৪


ঈদযাত্রা নির্বিঘ্নে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদকে কেন্দ্র করে ২৫-২৭ মে এবং ২৯-৩১ মে, মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় আনুমানিক এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়েন এবং প্রায় ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেন। এ কারণে ঈদযাত্রা ও পশুর হাট সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যাবে এবং সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী তোলা-নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

ঈদযাত্রার চাপ সামাল দিতে আগামী ২৫, ২৬ ও ২৭ মে উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী করা হবে। এ সময়ে এই পথে শুধু ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করতে পারবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী লেনও ২৫-২৭ মে একমুখীভাবে কেবল ঢাকা ছাড়ার যানবাহনের জন্য ব্যবহার হবে। ঢাকামুখী যানবাহনকে অন্য লেন ব্যবহার করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট কমাতে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে বনানী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ঢাকা-কেরানীগঞ্জ সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

কোরবানির পশুর হাটকেন্দ্রিক নির্দেশনায় ডিএমপি বলেছে, হাটের নির্ধারিত সীমানার বাইরে সড়কের ওপর পশু ক্রয়-বিক্রয়, লোড-আনলোড করা যাবে না। পশুবাহী ট্রাক বা ক্রেতাদের গাড়ি হাট সংলগ্ন সড়কে পার্কিং করলেও তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাট সঠিকভাবে পরিচালিত না হলে মোবাইল কোর্ট পরিচালনারও সতর্কতা দেওয়া হয়েছে।

ডিএমপি নগরবাসী, যানবাহনের মালিক-চালক এবং পশুর হাট সংশ্লিষ্টদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।