শিরোনাম
Passenger Voice | ১১:৫৭ এএম, ২০২৬-০৫-২৪
নোয়াখালীর সেনবাগে কোরবানির পশুর হাট দেখতে গিয়ে ট্রাকের ধাক্কায় মাহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সেনবাগ উপজেলার সেবারহাটের তিনপুকুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব সেনবাগ উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহান ও আকলিমা আক্তার দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাকিব তিনপুকুরিয়া এলাকায় কোরবানির পশুর হাট দেখতে যায়। একপর্যায়ে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কের যানজট স্বাভাবিক করে।
পরে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত