পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজির বাঘাইড়, ৬৬ হাজারে বিক্রি

Passenger Voice    |    ১০:৪৫ এএম, ২০২৬-০৫-২৪


পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজির বাঘাইড়, ৬৬ হাজারে বিক্রি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে খলিল হালদারের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জানা গেছে, জেলে খলিল হালদার তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান। দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের নিচে কলাবাগান এলাকায় জাল ফেলেন তারা। পরে ভোরে জাল তুলতেই দেখেন বিশাল একটি দানব আকৃতির বাঘাইড় মাছ তাদের জালে আটকেছে। তারা মাছটি উঠিয়ে দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন বিক্রির জন্য। সেখানে মাছটি ওজন দিলে দেখা যায়, এটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম। মাছটি উন্মুক্ত নিলাম উঠলে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকা দিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। সম্রাট শাহজাহান শেখ মাছটি বিক্রির জন্য অনলাইনে যোগাযোগ করে কাতার প্রবাসীর কাছে ১৮৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ খুব একটা পাওয়া যায় না। তাই বেশি দাম দিয়ে হলেও মাছটি কিনে নেই। পরে মাছটি কাতার প্রবাসী এক ভাইয়ের কাছে বিক্রি করেছি। মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি সিলেটে ডেলিভারি দেওয়া হচ্ছে।

জেলে খলিল হালদার বলেন, রাতে কয়েকবার জাল ফেলেও মাছের দেখা পাইনি। ভোর রাতের দিকে শেষবার জাল ফেললে এই মাছটি জালে ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। মাছটি বিক্রি করে আমি এবারের ঈদটা ভালোভাবেই কাটাতে পারব।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় মাছ ধরা নিষিদ্ধ হলেও মৎস্য আইনে এই মাছ ধরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। যেই জেলে এই মাছটি পেয়েছে সে অত্যন্ত ভাগ্যবান। সে এই মাছটি বিক্রি করে ভালো একটি টাকা পাবে।