আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়বে বুড়িমারী এক্সপ্রেস

Passenger Voice    |    ১০:৪৩ এএম, ২০২৬-০৫-২৪


আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়বে বুড়িমারী এক্সপ্রেস

ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশিরভাগ আন্তঃনগর ট্রেন সময়মতো কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেলেও বিলম্বের শিকার হয়েছে বুড়িমারী এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েছেন ওই ট্রেনের যাত্রীরা। ঢাকা থেকে লালমনিরহাটগামী ট্রেনটি নির্ধারিত সময়ে না ছাড়ায় অনেকটা ভালো ভিড় দেখা গেছে প্ল্যাটফর্মে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা দেরিতে, অর্থাৎ- সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যাত্রা শুরু করতে পারে।

স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো একে একে ছেড়ে গেলেও বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীরা অপেক্ষায় ছিলেন। ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও দীর্ঘ সময় ট্রেনটির প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়নি। এতে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ে। প্রচণ্ড গরমের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

ট্রেনের যাত্রী মাহমুদল হাসান বলেন, সকাল থেকে স্টেশনে বসে আছি আমরা। ট্রেনের কোনো তথ্যই আমরা পাইনি। প্রায় ঘণ্টাখানেক আগে শিডিউল দিয়েছে। স্টেশনে প্রচণ্ড গরম। অপেক্ষা করাটা খুব অসুবিধার হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন বলেন, লালমনিরহাট থেকে আসার পথে বগুড়ার একটি স্থানে বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সে কারণে কিছুটা দেরি হচ্ছে। সম্ভাব্য সময় সকাল ১০টা ৫০ মিনিট দেওয়া হয়েছে। এর মধ্যেই ট্রেনটি চলে আসবে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে সেটি তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না।