মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট, তীব্র গরম বাড়িয়েছে ভোগান্তি

Passenger Voice    |    ১০:৩৭ এএম, ২০২৬-০৫-২৪


মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট, তীব্র গরম বাড়িয়েছে ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার (২৪ মে) ভোররাত প্রায় ৪টা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। 

জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।

যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া বলেন, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনার কারণেই এই যানজট।

একই ভোগান্তির কথা জানিয়ে বাসচালক শহিদ বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বলতে পারছি না।

এক বাসযাত্রী আক্ষেপ করে বলেন, এ মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।