শিরোনাম
Passenger Voice | ১০:৩৫ এএম, ২০২৬-০৫-২৪
কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুধুমাত্র যাত্রী নয় পরিবহনশ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে।
সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। পরে তা ধীরে ধীরে বিস্তৃত হয়ে মেঘনা টোলপ্লাজা থেকে মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে যায়। সৃষ্টি হয় প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় যানবাহন না চলায় গাড়ি থেকে নেমে যান যাত্রীরা। অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশুসহ দূরপাল্লার যাত্রীরা। তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষা এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চট্টগ্রামগামী ট্রাকচালক ওসমান গনি বলেন, রূপগঞ্জ থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনা ঘটেছে। কখন যান চলাচল স্বাভাবিক হবে তার অপেক্ষায় আছি।
যাত্রী আসলাম মিয়া বলেন, চৈতি স্ট্যান্ড এলাকায় প্রায় আধাঘণ্টা ধরে আটকে আছি। গাড়ি একদমই নড়ছে না। গরমে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্ট পাচ্ছেন।
গাড়িচালক শাহাবুদ্দিন বলেন, কুমিল্লা থেকে ফেরার পথে মহাসড়কে দীর্ঘ যানজট দেখতে পান তিনি। তার ধারণা, দাউদকান্দি এলাকায় দুর্ঘটনা ও গাড়ি বিকলের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত