শিরোনাম
Passenger Voice | ০৫:২১ পিএম, ২০২৬-০৫-২২
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসির ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ ও বদলি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কর্তৃক বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্তি) করা হয়েছে। পাশাপাশি একই অভিযানে দায়িত্ব অবহেলার দায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বরিশাল ও ঢাকায় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি দেখেন, বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কোনো পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং অনেকেই নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হয়েছেন।
সরকারি কর্মকর্তাদের এমন দায়িত্বজ্ঞানহীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের আওতাধীন সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে শতভাগ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকারি দপ্তরে কাজের শৃঙ্খলা, জবাবদিহি ও নাগরিক সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের আকস্মিক ও ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত