শিরোনাম
Passenger Voice | ০৪:২৫ পিএম, ২০২৬-০৫-২২
এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে আরও একটি অয়েল ট্যাংকার জাহাজ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে শুক্রবার (২২ মে) ভোরে ২৪৮ দশমিক ৯৬ মিটার লম্বা, পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ নামে ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরের পৌঁছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান।
ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি ট্যাংকার জাহাজ পৌঁছেছে। জাহাজটি থেকে সকাল সাড়ে ১০টার দিকে তেল খালাস শুরু হয়েছে।
এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামে একটি অয়েল ট্যাংকার জাহাজ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর বিকল্প পথে এই এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশে পৌঁছে অয়েল ট্যাংকার জাহাজটি। এর আগে যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল।
যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল সংকটে গত ১৫ এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির জোন-১ ও ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ৬ মে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ট্যাংকার জাহাজ দেশে আসার পর ৮ মে থেকে পুনরায় প্রতিষ্ঠানটিতে উৎপাদন শুরু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত