দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাক পারাপারে ব্যস্ততা, ২৪ ঘণ্টায় পার হলো ৪২৩টি

Passenger Voice    |    ০১:৩১ পিএম, ২০২৬-০৫-২২


দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাক পারাপারে ব্যস্ততা, ২৪ ঘণ্টায় পার হলো ৪২৩টি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু পরিবহনে ব্যস্ত হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাট। গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে ৪২৩টি পশুবাহী ট্রাক পারাপার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ঘাট সূত্রে জানা যায়, পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পারাপার করা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এ ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫ যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে পশুবাহী ট্রাক ৪২৩টি।

সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে আগামী কয়েকদিন পশুবাহী ট্রাকের চাপ আরও বাড়তে পারে। এ কারণে ফেরির সংখ্যা বৃদ্ধি ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। ঘাটে পর্যাপ্ত ফেরি সচল থাকায় সিরিয়ালে বা কোথাও দাঁড়াতে হচ্ছে না। শুধু ফেরি লোড হতে যা সময় লাগছে। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই রাজধানী অভিমুখে পশুবাহী ট্রাকের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে আমাদের সব প্রস্তুতি রয়েছে।

পশুবাহী ট্রাকের চালক ও খামারিরা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার ঘাটে ভোগান্তি অনেক কম। তবে তীব্র গরমের কারণে ট্রাকে থাকা পশুদের সুস্থ রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘাট প্রান্তে এসে ফেরিতে উঠতে এবং ফেরি ছাড়তে কিছুটা সময় লাগছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, পশুবাহী গাড়িগুলোকে পুলিশ বা কেউ সড়কে যেন না আটকায় সে নির্দেশনা দেওয়া আছে। কোথাও অভিযোগ পেলে রাজবাড়ী জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।