বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা জোরদারে গুরুত্ব জাইকার, সড়কমন্ত্রীর সঙ্গে বৈঠক

Passenger Voice    |    ০৪:৩৯ পিএম, ২০২৬-০৫-২১


বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা জোরদারে গুরুত্ব জাইকার, সড়কমন্ত্রীর সঙ্গে বৈঠক

সড়ক, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রতিনিধিদল। বাংলাদেশের চলমান অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে এ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে দেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস দেয় প্রতিনিধিদল।