ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলন, হুমকিতে সুরক্ষা বাঁধ

Passenger Voice    |    ০২:৫৭ পিএম, ২০২৬-০৫-২১


ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলন, হুমকিতে সুরক্ষা বাঁধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে ফসলি জমি, বাড়িঘর ও নির্মাণাধীন সুরক্ষা বাঁধ।

উপজেলার উচাখিলা ইউনিয়নে ব্রহ্মপুত্রের তীর সুরক্ষায় ৭ কোটি ৭৭ লাখ ব্যয়ে নির্মাণাধীন ২৭০ মিটার নদীর তীর সুরক্ষা বাঁধ নির্মিত হচ্ছে। এ বাঁধ ঘেঁষে অবৈধ ড্রেজার বালু উত্তোলন করছে একটি চক্র। ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীনের শঙ্কা নিয়ে নির্ঘুম রাত পার করছে নদীতীরের মানুষ।

জানা যায়, মানুষের দাবির মুখে ওই এলাকার নদীভাঙন রোধে বিআইডব্লিউটিএর অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড নদীর তীর সুরক্ষা বাঁধ নির্মাণ করছে।স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে প্রতিদিনই বাঁধ ঘেঁষে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে।

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে আরও বেপরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট।

উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, 'বালু উত্তোলনের সঙ্গে ওই এলাকার লোকজনই জড়িত। আইন থাকলেও আইনের প্রয়োগ না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে ভ্রামমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।