আর্থিক অনিয়ম দূর না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে

Passenger Voice    |    ০৪:৫২ পিএম, ২০২৬-০৫-২০


আর্থিক অনিয়ম দূর না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে

আর্থিক খাতে অনিয়ম দূর করা না গেলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে তিনি বলেন, বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। 

অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতে অব্যবস্থাপনার কারণেই অতীতে দেশ থেকে টাকা পাচার হয়েছিল। একইভাবে পুঁজিবাজারে ভুয়া অডিটের কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থসংকটে রয়েছে। 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'অর্থমন্ত্রী বলেন, অনেক সফল প্রতিষ্ঠান এখন গুরুতর মূলধন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকগুলো ব্যাংকগুলো গুরুতর মূলধন সংকটে ভুগতেছে- এগুলো এনপিএল থেকে শুরু করে, মানি লন্ডারিং থেকে শুরু করে, মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে নেওয়া, এবং বোর্ডের সদস্যরা ম্যানেজমেন্টের সহযোগিতায় টাকা বের করে নিয়ে গেছে।'

তিনি জানান, মানুষের আস্থা ফেরাতে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। দেশে এখন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে জানিয়ে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতেরও তাগিদ দেন মন্ত্রী।