শিরোনাম
Passenger Voice | ১১:১৭ এএম, ২০২৬-০৫-২০
বৈশাখ মাসে প্রায় প্রতিদিন ঝড়-বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু জ্যৈষ্ঠ মাসে সারা দেশে তা কিছুটা কমে এসেছে। উত্তরাঞ্চলে কালবৈশাখীসহ বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ভ্যাপসা গরম পড়েছে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে। ঢাকা শহরে গতকাল সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আজ বুধবার একই সময়ে রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ১। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এখন দিনের ব্যাপ্তি দীর্ঘ। রাত ছোট। সূর্যের উত্তাপ দীর্ঘ সময় থাকে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মানুষের শরীর থেকে বেশি ঘাম ঝরছে। ঘাম সহজে শুকাচ্ছে না। এ কারণে আরও বেশি অস্বস্তি অনুভূত হচ্ছে।
সহসাই কমছে না অস্বস্তিকর এই গরম। এমন তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। আজ সকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, এখন জ্যৈষ্ঠ মাস। এ সময় ভ্যাপসা গরম পড়াটাই স্বাভাবিক। অস্বাভাবিক কিছু নয়। তবে লক্ষ্য করলে দেখা যাবে, দেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। আবার দক্ষিণে খুলনা, বরিশালে তাপপ্রবাহ বয়ে চলছে। কিন্তু গরম পড়ছে সারা দেশেই। এই সময় বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। আবার বৃষ্টি বন্ধ থাকলে গরম বাড়বে। ২২-২৩ মে পর্যন্ত ভ্যাপসা গরম ভাব থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকালের পূর্বাভাসে জানিয়েছে, আজ দুপুরের রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত