শিরোনাম
Passenger Voice | ০২:০৭ পিএম, ২০২৬-০৫-১৮
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর থেকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করে এ কর্মসূচি পালন শুরু করে।
সকাল থেকেই রাজশাহীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেলেও কোনো বাস নির্ধারিত রুটে ছেড়ে যায়নি। কাউন্টারগুলোতেও ছিল অনিশ্চয়তা ও উৎকণ্ঠার চিত্র। বিশেষ করে আসন্ন ঈদুল আজহার আগে এমন পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রবিবার (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নেমেছে।
তাদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
বাস বন্ধ থাকায় সকাল থেকেই বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ঢাকাগামী যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘সকাল থেকে কাউন্টারে বসে আছি। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাবে- এটা কেউ জানায়নি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল, এখন পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছি।’
আরেক যাত্রী রফিকুল বলেন, ‘শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ যাত্রীদের এভাবে ভোগান্তিতে পড়তে হবে কেন? বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না, উল্টো অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।’
শারমিন সুলতানা নামের এক যাত্রী বলেন, ‘ছোট বাচ্চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি। কখন বাস চলবে কেউ পরিষ্কার করে বলতে পারছে না। সাধারণ মানুষের দুর্ভোগের কথা কেউ ভাবছে না।’
এ বিষয়ে জানতে চাইলে নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, ‘বাস চলাচল বন্ধের খবর পাওয়ার পর থেকেই আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘সামনে ঈদ, মানুষ বাড়ি যাবে। এখন বাস বন্ধ রেখে দুর্ভোগ সৃষ্টি করা ঠিক হবে না। নতুন কমিটি যেহেতু ঘোষণা হয়েছে, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত