শিরোনাম
Passenger Voice | ১২:২৩ পিএম, ২০২৬-০৫-১৭
গত দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। এর প্রভাবে রাজধানী ঢাকায় গতকাল শনিবার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে অস্বস্তিকর গরমের পর আজ রোববার ভোরে আকাশ কালো করে নামে ভারী বৃষ্টি। সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা ভারী বৃষ্টির পরিমাণ ছিল ৩৩ মিলিমিটার। কিন্তু বৃষ্টির কারণে ঢাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সকাল থেকে কর্মমুখী মানুষকে পড়তে হয় বিড়ম্বনায়।
ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টায় আবারও নামে ভারী বৃষ্টি। এতে রাজধানীবাসীর বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে যায়। রাজধানী ঢাকার প্রধান সড়ক ও অলিগতিতে দেখা দেয় জলাবদ্ধতা।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে ভারী বৃষ্টির কারণে ঢাকায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৮ দশমিক ২।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বয়ে যেতে পারে কালবৈশাখী।
সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত