শিরোনাম
Passenger Voice | ১১:৫১ এএম, ২০২৬-০৫-১৬
হরমুজ প্রণালিকে ‘উন্মুক্ত, নিরাপদ ও অবাধ’ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলাই এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোদি শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় পাঁচ দেশ সফর শুরু করেছেন। আবুধাবিতে সংক্ষিপ্ত সফরকালে তিনি একথা বলেন।
মোদির সফরটি মূলত জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল উদ্বেগের মধ্যে শুরু হলো, যা ইরান যুদ্ধের কারণে আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহনে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতের ওপরও। দেশটি শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ক্রেতা এবং সাধারণত তাদের তেলের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালীর মাধ্যমে আমদানি করে, যা ইরান যুদ্ধ শুরুর পর থেকে প্রায় বাধাগ্রস্ত হয়েছে। আবুধাবিতে সংক্ষিপ্ত সফরে মোদি বলেন, ‘আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি।’
তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন এবং পরে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হন। সফরের সময় তার বিমানকে আমিরাতের আকাশসীমায় সামরিক জেট দিয়ে এসকর্ট করা হয়, যা তিনি ‘সম্মান’ হিসেবে বর্ণনা করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ, বিশেষ করে জানুয়ারিতে স্বাক্ষরিত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত