শিরোনাম
Passenger Voice | ০৫:০৩ পিএম, ২০২৬-০৫-১৫
ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চার সহোদর— রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে গভীর শোক জানানো হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যে পরিবারে কয়েকদিন পর বিয়ের আনন্দ আয়োজন হওয়ার কথা ছিল, সেই পরিবারে আজ শোকের মাতম ও অন্ধকার ছায়া নেমে এসেছে। প্রবাস জীবনের কঠোর সংগ্রাম শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে যারা নিরলস পরিশ্রম করছিলেন, তাদের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এই চার সহোদরের মৃত্যুর দুঃখজনক ঘটনা শুধু তাদের পরিবারকে নয়, সমগ্র দেশবাসীর হৃদয়কে ভারাক্রান্ত করেছে। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।
তিনি বলেন, জীবিকার তাগিদে বিদেশের মাটিতে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতি ও পরিবারের স্বপ্ন পূরণে অসামান্য অবদান রেখে চলেছেন। অথচ অনেক সময় তারা নানা প্রতিকূলতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করতে বাধ্য হন। এ ধরনের মর্মান্তিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
শোকবার্তায় তিনি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান রবের দরবারে দোয়া করেন।
একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত