শিরোনাম
Passenger Voice | ০৩:১১ পিএম, ২০২৬-০৫-১৫
রাজধানী ঢাকায় গত বুধবার বিকেলে কালবৈশাখী বয়ে যায়। এর সঙ্গে ঘণ্টাখানেকের ভারী বৃষ্টি। ৪৩ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার রাজপথে দেখা দেয় জলাবদ্ধতা। গরমের মধ্যে সেই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও তা ছিল ক্ষণিকের। এরপর, গতকাল বৃহস্পতিবার ঢাকার আবহাওয়া ঠিক উল্টো দিকে যায়। মাত্র এক মিলিমিটার বৃষ্টিতে গরম আর অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়।
তবে ঢাকার বিপরীত চিত্র দেশের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্বাঞ্চলে। গতকাল ভারী বৃষ্টি হয়েছে দিনাজপুরে ৮৭ মিলিমিটার। পাশের জেলা রংপুরে ৪৪ আর কুড়িগ্রামের রাজারহাটে ৩০ মিলিমিটার।
শুধু তা-ই নয়, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব এবং মধ্যাঞ্চলের বেশ কিছু জেলায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে ফেনীতে ৬৯, দক্ষিণের জেলা বরিশালে ২৭, মাদারীপুরে ২৮ ও গোপালগঞ্জে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ঢাকায় বৃষ্টি কম হওয়ার কারণ জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরে তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, বজ্রমেঘ তৈরি হওয়ার কারণে বৃষ্টির প্রভাব পড়েছে বেশি দেশের উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিমাঞ্চলে। যা ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে তুলনামূলক কম। তবে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এদিকে আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তবে রাজধানী ঢাকার আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৪।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত