শিরোনাম
Passenger Voice | ০৫:৩১ পিএম, ২০২৬-০৫-১৪
ঈদুল আজহা উপলক্ষে একজোড়া বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঈদকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ও ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ নামে এক জোড়া বিশেষ ট্রেন চলবে।
যে রুটে চলবে স্পেশাল ট্রেন
ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ও ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ নামে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
বিশেষ ট্রেন দুটি আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত চলাচল করবে।
বুধবার (১৩ মে) থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) টিকিট প্রতিদিন দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে যাত্রীদের সতর্ক করেও বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে। সেখানে উল্লেখ করা হয়, শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কিনতে গেলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে, ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র টিকিট, ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট, ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।
এছাড়া ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। আর ফিরতি যাত্রার টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।
সময়সূচি অনুযায়ী, ২১ মে পাওয়া যাবে ৩১ মে’র টিকিট, ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রায় সর্বোচ্চ একবারে ৪টি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটার সময় সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থাও থাকবে। তবে ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য হবে না।
এছাড়া বিরতিহীন ট্রেন ছাড়া অন্য ট্রেনের ক্ষেত্রে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ঈদুল আজহা উপলক্ষে একজোড়া বিশেষ ট্রেন বরাদ্দ হয়েছে। ঈদকে সামনে রেখে গতকাল থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কক্সবাজারসহ অন্য রুটে বিশেষ ট্রেন চলবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত