শিরোনাম
Passenger Voice | ০৪:৪১ পিএম, ২০২৬-০৫-১৪
পশ্চিমবঙ্গের কলকাতায় হেলমেটবিহীন মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেছে পুলিশ। গত তিন দিনে শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তিন হাজারের বেশি মোটরসাইকেলচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) কলকাতা পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।
নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অভিযান আরও জোরদার করা হয়। দায়িত্ব নেওয়ার পর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই তিনি স্পষ্ট নির্দেশ দেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর প্রবণতা কঠোরভাবে দমন করতে হবে।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, শহরের ২৬টি ট্রাফিক গার্ড এলাকায় মোট তিন হাজার ৩০২টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড এলাকায়, যেখানে মধ্য কলকাতার বড় একটি অংশ অন্তর্ভুক্ত।
এরপরেই রয়েছে মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ড এলাকা, যার আওতায় বন্দর এলাকার বিস্তীর্ণ অংশ পড়ে। পাশাপাশি উত্তর ও মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ কিছু এলাকা দেখভাল করা জোড়াবাগান ট্রাফিক গার্ডেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার থেকে এখন পর্যন্ত শুধু হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড এলাকাতেই ৩৭২ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মেটিয়াবুরুজ এলাকায় ৩০১ জন এবং জোড়াবাগান এলাকায় ২৮৬ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, রাজ্যে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশই দুই চাকার যানবাহন। অনেক ক্ষেত্রে হেলমেট না পরার কারণে দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। সে কারণেই হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
পুলিশ জানায়, এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। ট্রাফিক আইন অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত