রিকশাচালক হত্যা: সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

Passenger Voice    |    ০৪:৩১ পিএম, ২০২৬-০৫-১৩


রিকশাচালক হত্যা: সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

জুলাই আন্দোলনে রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)  জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার। 

এ দিন শুনানিকালে জাহাঙ্গীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের শেষ দিন  ৫ অগাষ্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং  এলোপাতারি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান রিপন।  

এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।