শিরোনাম
Passenger Voice | ০৩:১৩ পিএম, ২০২৬-০৫-১৩
দিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের আশরাফুলের ছেলে মো. শাকিব (১৯), লতিফের ছেলে আকবর (৩০), আব্দুল খালেকের ছেলে হেলাল (২৫), জব্বারের জাকির (৪৫) ও ইসরাইল হকের ছেলে মমিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান।
সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের ধারণা অজ্ঞান পাটির সদস্যরা তাদেরদেরকে অচেতন করে ধানকাটা এই শ্রমিকদের টাকা-পয়সা ও মোবাইল নিয়ে পালিয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জ্ঞান না ফেরা পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো সম্ভব না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত