শিরোনাম
Passenger Voice | ০৩:০৯ পিএম, ২০২৬-০৫-১৩
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান মাঠে এবার পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দেশের অন্যতম বৃহৎ এ ঈদ জামাতের ১৯৯তম আসরে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সুবিধায় চালু থাকবে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন, মুসল্লিদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ২ প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, শোলাকিয়ার ঈদ জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত, ওজু, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। শোলাকিয়ার ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত