শিরোনাম
Passenger Voice | ০১:১৯ পিএম, ২০২৬-০৫-১৩
জয়দেবপুর-ঈশ্বরদী রেল লাইনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেন দুটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। এতে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বুধবার সকালে( ১৩ই মে) উপজেলার সোনাখালী রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক রেললাইনের পাশে আটকে পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে ট্রেন ২টি প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন মাষ্টার খায়রুল ইসলাম জানান, কালিয়াকৈর -ধামরাই রোডের সোনাখালী লেভেল ক্রসিংয়ে মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ার খবর পেয়ে আমরা পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস নামক ট্রেন ২ প্রায় ১ ঘন্টা থামিয়ে রেখেছি।
ঘটনার বিষয়ে গাজীপুর রেলওয়ে উপসহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, রেলক্রসিং এলাকায় ট্রাক আটকে পড়ার খবর পেয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ট্রেন সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, একদিকে ট্রেন বন্ধ আরেকদিকে ধামরাই- কালিয়াকৈরের সড়ক বন্ধ। এমন পরিস্থিতিতে আমরা শত শত মানুষ মিলে ট্রাক সড়িয়ে দিয়েছি পরে ট্রেন সহ রাস্তা স্বাভাবিক হয়েছে।
পথচারী রফিকুল ইসলাম বলেন, রেলক্রসিং এলাকার রাস্তা সংস্কার ও যানজট নিরসনে স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত