ট্রেনের পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য ৬০ লাখ হিট

Passenger Voice    |    ১২:৫১ পিএম, ২০২৬-০৫-১৩


ট্রেনের পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য ৬০ লাখ হিট

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় প্রথম দিনের, অর্থাৎ ২৩ মে’র পশ্চিমাঞ্চল রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। প্রথম ৩০ মিনিটে এসব টিকিটের জন্য ওয়েবসাইট-অ্যাপে ৬০ লাখবার হিট করেছে টিকিট প্রত্যাশীরা।

বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ের তথ্য বলছে, আগামী ২৩ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩১ হাজার ২৪০টি। সারাদেশের ট্রেনগুলোর আসন সংখ্যা এক লাখ ৬৭ হাজার ১৯৬টি।

এরমধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে আসন বিক্রি হয়েছে ১৫ হাজার ১৮৪টি এবং সারাদেশে বিক্রি হয়েছে ২২ হাজার ৪৩৯টি।

বেলা ১২টায় ওয়েবসাইট ঘেটে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের ৫টি ট্রেনের সবকটি আসন, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি ট্রেনের সবকটি আসন, ঢাকা-কুড়িগ্রাম রুটের ২টি ট্রেনের সবকটি আসন, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি ট্রেনের সবকটি আসন এবং ঢাকা-খুলনা রুটের সবকটি আসন বিক্রি হয়ে গেছে।

এদিকে আগামী ২৩ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।