শিরোনাম
Passenger Voice | ০৪:৫৬ পিএম, ২০২৬-০৫-১২
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের সীতাকুণ্ডে পেশাগত দায়িত্ব পালনকালে মোঃ ফারুক (৩২) নামে এক রেলওয়ে গেটকিপারকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে।রেল পুলিশের উপস্থিতিতেই পুনরায় হামলার শিকার হন তিনি।এতে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা যায়। মঙ্গলবার (১২ মে) সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোড রেলগেট এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী গেটকিপার ওমর ফারুকের ভাষ্যমতে, ঘটনার সময় একটি চট্টগ্রামমুখী মালবাহী ট্রেন অতিক্রম করছিল। রেলওয়ের নিরাপত্তা বিধি অনুযায়ী তিনি গেট ব্যারিয়ার নামিয়ে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু লোক গেট দীর্ঘ সময় (প্রায় ৪৫ মিনিট) আটকে রাখার মিথ্যা অভিযোগ তুলে তার ওপর অতর্কিত হামলা চালায়।
প্রাথমিক হামলার পর সীতাকুণ্ড রেল পুলিশের উপ-পরিদর্শক দীপক সাহা এবং সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমানের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ উঠেছে, সমঝোতা চলাকালীন রেল পুলিশের সামনেই দুষ্কৃতিকারীরা পুনরায় ফারুকের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন "ট্রেন চলাচলের স্বার্থে নিয়ম মেনে ব্যারিয়ার নামানোয় স্থানীয় প্রভাবশালীরা গেটম্যানকে মারধর করেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, রেল পুলিশ ফাঁড়িতে বসে আলোচনার সময়ও দুষ্কৃতিকারীরা দ্বিতীয়বার তার গায়ে হাত তোলে। পুলিশ এর সামনে ঘটনাটি ঘটলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি; বরং বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।"
অন্যদিকে, রেল পুলিশের উপ-পরিদর্শক দীপক সাহা জানান "আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। হামলাকারীরা আপসনামা করবে বলে আশ্বাস দিয়েছে। বর্তমানে গেটম্যানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।"
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এমন লাঞ্ছনার শিকার হওয়ায় রেলওয়ে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ওমর ফারুক বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত