পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

Passenger Voice    |    ০১:৩৩ পিএম, ২০২৬-০৫-১২


পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে মঙ্গলবার (১২ মে) এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনেরও বেশি আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ। পুলিশ সূত্রে জানা গেছে, সরাই নৌরং এলাকার নৌরং বাজারে একটি রিকশার কাছে বিস্ফোরণটি ঘটে।

 হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নৌরং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে দু’জন ট্রাফিক পুলিশ সদস্যও ছিলেন।
 
হাসপাতালে আনা আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানা গেছে। ঘটনার পর সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ, রয়টার্স