শিরোনাম
Passenger Voice | ০৩:৩২ পিএম, ২০২৬-০৫-১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় শনিবারের সড়ক দুর্ঘটনার জেরে মারসা পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।
রোববার (১০ মে) সকালে মহাসড়কের চুনতী এলাকার ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ বিক্ষোভ করে জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল একই স্থানে মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও বহু যাত্রী আহত হন। এ ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। আজ সকালে মহাসড়ক দিয়ে চলাচলকারী মারসা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা বিক্ষোভকারী আবুল কালাম জানান, বেপরোয়া গতিতে বাস চালানো এবং বারবার দুর্ঘটনা ঘটার প্রতিবাদে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “বিক্ষুব্ধ জনতা মারসা পরিবহনের গাড়ি আটক করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা মারসা কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। গতকালের দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি বর্তমানে আটক রয়েছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত