রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে চালক-শ্রমিকসহ আহত ৬

Passenger Voice    |    ০১:০৮ পিএম, ২০২৬-০৫-১০


রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ি উল্টে চালক-শ্রমিকসহ আহত ৬

রাঙামাটির রাজস্থলীতে ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়ি উল্টে চালক-শ্রমিকসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (৯ মে) দুপুরের দিকে উপজেলার গাইন্দ্যা গামাড়ী বাগান এলাকার এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, শৈহ্লাসাই মারমা (১৬), বোসিওয়ং মারমা (১৭), মংচসিং মারমা (১২), কৃষ্ণ কুমার (১৪), সাকিব তঞ্চঙ্গ্যা (১৭) ও নুখ্যাইমং মারমা (১৫)। আহতরা গাইন্দ্যা শিশু সদন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজস্থলী থেকে ছেড়ে আসা ইটের খোয়া বোঝাই চাঁদের গাড়িটি পাহাড়ের উঁচু অংশে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি রাস্তার পাশের ঢালে উল্টে যায়। এতে গাড়িতে থাকা চালক ও শ্রমিক সহ ৬ জন আহত হন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে'। 

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। দুর্ঘটনার শিকার গাড়িটি উদ্ধার করে থানায় আনা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।