শিরোনাম
Passenger Voice | ০২:৫০ পিএম, ২০২৬-০৫-০৮
টিকিটমূল্য, যাতায়াত ও আবাসন– আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক দেশগুলোর প্রতিটি খাতে ব্যাপক খরচ বাড়ছে। নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা টুর্নামেন্ট ফাইনাল। ওই ভেন্যুগামী মানুষদের জন্য বিশ্বকাপ চলাকালে ট্রেনের ভাড়া ১২ গুণেরও বেশি বাড়ানো হয়েছিল। ফলে প্রায় ১২ ডলার থেকে টিকিটের মূল্য বেড়ে দাঁড়ায় ১৫০ ডলারে। সমালোচনার মুখে এখন রাউন্ড-ট্রিপ ভাড়া কমিয়ে ১০৫ ডলার করা হয়েছে।
যদিও ম্যানহাটনের পেন স্টেশন থেকে স্টেডিয়াম পর্যন্ত নতুন করে নির্ধারিত ভাড়াও সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। নিউজার্সির গভর্নর মিকি শেরিলের এক মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ডেমোক্র্যাট গভর্নর ট্রানজিট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বেসরকারি ও করদাতাদের বাইরের অর্থায়নের মাধ্যমে যেন প্রস্তাবিত ভাড়া কমানো যায়।
গত মাসে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বকাপের সময় ট্রেনে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে, যাতে আয়োজনসংক্রান্ত ব্যয় কিছুটা পুষিয়ে নেওয়া যায়। গভর্নরের মুখপাত্র স্টিভ সিগমুন্ড এক বিবৃতিতে বলেন, ‘টিকিটধারীদের খরচ কমাতে ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, গভর্নর তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি নিশ্চিত করবেন যেন বিশ্বকাপ এমন একটি আয়োজন হয়, যা দর্শক ও নিউজার্সির সব বাসিন্দার জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে আসে।’
নিউইয়র্ক রাজ্যের হিসাব অনুযায়ী, প্রতিটি ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক গণপরিবহন ব্যবহার করবেন। কারণ মেটলাইফ স্টেডিয়ামে কোনো অন-সাইট পার্কিং থাকবে না। কেবল পাশের আমেরিকান ড্রিম মলে সীমিতসংখ্যক পার্কিং সুবিধা থাকবে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফিফার মুখপাত্ররা। তবে এর আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সতর্ক করে বলেছিল, নিউজার্সির উচ্চ পরিবহন ভাড়া বিশ্বকাপ ম্যাচগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্বকাপের ম্যাচ হতে যাওয়া বিশ্বকাপের অন্যান্য ভেন্যু শহর– লস অ্যাঞ্জেলস, ডালাস ও হিউস্টনের মতো আয়োজক শহরে ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালসহ (১৯ জুলাই) মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সেখানে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ পরাশক্তি দলগুলোর গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে ১৩ জুন থেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত