কমছে জেট ফুয়েলের দাম

Passenger Voice    |    ০৪:৩৯ পিএম, ২০২৬-০৫-০৭


কমছে জেট ফুয়েলের দাম

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) নতুন মূল্য নির্ধারণ করে সংস্থাটি।

নতুন ঘোষিত দামে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি প্রায় ২২ টাকা কমেছে।

এছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এ দাম শুল্ক ও মূসকমুক্ত।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হলে দেশে জেট ফুয়েলের দাম দ্রুত বাড়তে থাকে। মার্চে প্রথম দফায় দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সা। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় তা একলাফে ২০২ টাকা ২৯ পয়সায় উন্নীত হয়। সর্বশেষ এপ্রিল মাসে দাম বেড়ে পৌঁছায় ২২৭ টাকা ৮ পয়সায়।