শিরোনাম
Passenger Voice | ০৪:১৭ পিএম, ২০২৬-০৫-০৭
দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) তেল বাংলাদেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এ অবস্থায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে গত ২১ এপ্রিল চীনা জাহাজ ‘নিনেমিয়া’ যাত্রা শুরু করে। দীর্ঘ প্রায় ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়।
ইতোমধ্যে তেল খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি লাইটার জাহাজ এক ট্রিপে প্রায় ৪ হাজার টন করে ক্রুড অয়েল পরিবহণ করতে পারবে। এতে দিনে অন্তত ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তেল পরিবহণ ও সরবরাহ কার্যক্রমে দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজটি থেকে কুতুবদিয়া হয়ে পতেঙ্গার ইআরএল পর্যন্ত তেল পরিবহন করা হচ্ছে।
এদিকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসে আরও প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় পর বড় এই চালান দেশে আসায় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরবে এবং রিফাইনারি কার্যক্রম আবার স্বাভাবিক গতি পাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত