শিরোনাম
Passenger Voice | ১১:১৬ এএম, ২০২৬-০৫-০৭
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই চাঁদপুর ও ফেনীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচির পাশাপাশি তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বর্তমানে প্রধানমন্ত্রী যেসব জেলায় সফরে যাচ্ছেন, সেখানে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কিছু জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় এই কাজ অব্যাহত রেখেছেন। বর্ষা মৌসুম আসন্ন হওয়ায় মে মাস পর্যন্ত খননকাজ চলবে। বর্ষা শেষে নভেম্বর-জানুয়ারি নাগাদ পুনরায় পুরোদমে কাজ শুরু হবে।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সরকার দ্রুতই এই প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত