চট্টগ্রাম বন্দরে ক্রুড অয়েলবাহী জাহাজ,ফের চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

Passenger Voice    |    ০৩:৫১ পিএম, ২০২৬-০৫-০৬


চট্টগ্রাম বন্দরে ক্রুড অয়েলবাহী জাহাজ,ফের চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

ক্রুড অয়েল সংকটে ২০ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবার চালু হতে যাচ্ছে। 

বুধবার (৬ মে) দুপুরে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সৌদি আরব থেকে আমদানি করা জাহাজটিতে এক লাখ টন ক্রুড অয়েল রয়েছে। 

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, নিরাপদের পৌঁছানোর পর জাহাজটি বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে নোঙর করা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল রিফাইনারিটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো উৎপাদন ব্যবস্থায়।

ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা জানান, ৭ মে থেকে পুনরায় উৎপাদনে ফিরবে রিফাইনারিটি। আপাতত ক্রুড অয়েলের বড় কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিটিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ধরনের ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়ে থাকে।

তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর দেশে আর কোনো ক্রুড অয়েল পৌঁছেনি। ফলে ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় ইস্টার্ন রিফাইনারি।

পরে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজে করে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হয়েছে।

এদিকে বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর কথা রয়েছে।