খাল দখল ও ময়লা ফেলা বন্ধে কঠোর হুঁশিয়ারি চসিক মেয়রের

Passenger Voice    |    ০৫:২৫ পিএম, ২০২৬-০৫-০৪


খাল দখল ও ময়লা ফেলা বন্ধে কঠোর হুঁশিয়ারি চসিক মেয়রের

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম জোরদার করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল-নালা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (৪ মে) মেয়র বহদ্দারহাট কাঁচাবাজার-সংলগ্ন সড়ক পরিদর্শন করেন। সেখানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। পরে তিনি বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান খাল সংস্কারকাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র পানি চলাচলে বাধা সৃষ্টি করা অস্থায়ী বাঁধ অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশনা দেন তিনি।

এরপর মেয়র চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের ফরিদারপাড়া এলাকায় নালা ও খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকাতেও চলমান পরিষ্কার অভিযান ঘুরে দেখেন।

এ সময় মেয়র বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই সমস্যার সমাধান হবে না। নগরবাসীকেও সচেতন হতে হবে। মানুষ যদি যত্রতত্র ময়লা ফেলে, তাহলে খাল-নালা আবার ভরাট হয়ে যাবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

চসিকের কর্মকর্তারা জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরের বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।