চট্টগ্রামে একীভূত ৫ ইসলামী ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা

Passenger Voice    |    ০৫:২২ পিএম, ২০২৬-০৫-০৪


চট্টগ্রামে একীভূত ৫ ইসলামী ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন আমানতকারীরা। 

সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘হেয়ার কাট’ বাতিল ও স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

জানা গেছে, বিক্ষুব্ধ আমানতকারীরা সোমবার সকাল ১০টার দিকে আগ্রাবাদ এক্সেস সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে শতাধিক আমানতকারী মিছিল নিয়ে বেলা ১১টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় কয়েকটি শাখায় কর্মকর্তারা ভেতরে আটকা পড়েন।

সেখান থেকে তারা আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

আমানতকারীদের দাবি, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে- এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং জমাকৃত অর্থ পুরোপুরি ফেরতের নিশ্চয়তা দিতে হবে।

পাশাপাশি লেনদেন স্বাভাবিক করা, উত্তোলনে আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।

বাংলাদেশ ব্যাংকভুক্ত ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমাদের একটাই দাবি- ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিল ও স্বাভাবিক লেনদেন চালু করা। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। রমজানের ঈদ ঠিকঠাক করতে পারিনি, কোরবানির ঈদও করতে দিচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, আমাদের দিকে নজর দেওয়া হোক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রবিবার আমরা খাতুনগঞ্জের পাঁচটি ব্যাংকে তালা ঝুলিয়েছি। সোমবার আগ্রাবাদের পাঁচটি ব্যাংকে তালা ঝুলিয়েছি। যতদিন আমাদের দাবি আদায় না হবে, ততদিন এই কর্মসূচি চলবে। আমরা সরকারের কাছে গেছি, স্মারকলিপি দিয়েছি; কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান আসেনি।

হেয়ার কাট সিদ্ধান্ত
গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এই পাঁচ ব্যাংকের আমানতে ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত সংশোধন করে ব্যক্তিগত ও মেয়াদি আমানতে ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়। ব্যাংকগুলোতে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে বলে জানা গেছে।