শিরোনাম
Passenger Voice | ০৪:৫০ পিএম, ২০২৬-০৫-০৪
বাসের চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৪ মে) সকাল থেকেই চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুরের কোনো বাস ছেড়ে যায়নি।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশার মাধ্যমে চলাচল করতে হচ্ছে।
শ্রমিক নেতারা জানান, গতকাল রবিবার মারধরের ঘটনায় প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও কোনো সমাধান হয়নি। তাই রাতে শ্রমিকদের সমর্থনে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, গতকাল রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস ছেড়ে যায়। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেল বাসটিকে ওভারটেক করতে গিয়ে বাসচালকের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ সময় মোটরসাইকেলচালক রাব্বি আহমেদ বাসচালক সোহেল রানা ও হেলপার আলমগীরকে মারধর করেন। এ মারধরের প্রতিবাদেই এ রুটে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তিনি।
মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে বাস না পেয়ে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীরা বাড়তি ভাড়া দিয়ে অন্যান্য মাধ্যমে এই রুটে চলাচল করছেন।
চুয়াডাঙ্গা থেকে আসা রুহুল আমিন নামের এক যাত্রী বলেন, আমি মেহেরপুরে একটি অফিসে চাকরি করি। প্রতিদিনের মতো আজকেও বের হয়েছি কিন্তু বাস বন্ধ থাকায় অফিসে আসতেও লেট হয়েছে এবং ৫০ টাকা ভাড়া বেশি লেগেছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বলেন, যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে। বিষয়টি দ্রুত সমাধান করার জন্য আমরা দুই পক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা নিরসনের চেষ্টা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত