শিরোনাম
Passenger Voice | ১১:২৭ এএম, ২০২৬-০৫-০৪
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যবহৃত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। এতে মো. রবিউল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
রোববার (৩ মে) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় গাড়িটিতে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন না। গাড়িটিতে তার গানম্যান ও চালকসহ মোট তিনজন ছিলেন বলে জানা গেছে।
আহত ভ্যানচালক মো. রবিউল ইসলাম উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদারঘোনা এলাকার মো. হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাডোটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় বনপুকুর এলাকায় একটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটিতে থাকা কেউ আহত হননি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আহত ভ্যানচালক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। তিনি সামান্য আহত হয়েছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, গাড়িটিতে এমপি ছিলেন না। চলাচলের সময় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত