শিরোনাম
Passenger Voice | ০২:৪৩ পিএম, ২০২৬-০৫-০৩
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কারাবন্দি সাংবাদিকদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানালেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো মামলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনা হবে। রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবন মিলনায়তনে আয়োজন হয় আলোচনা সভা।
এতে সাংবাদিক নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার সুষ্ঠু বিচার এবং কারাগারে বন্দি সাংবাদিকদের আইনি কার্যক্রম চালু রেখে জামিনের দাবি জানান।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার সময় সংবাদপত্রের অফিস পেড়ানো হয়। আবার ২০২৫ সালে এসেও সেটা প্রত্যক্ষ করলাম। আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এমন কিছু পচন ধরেছে, সেটা থেকে আমাদের গণমাধ্যমও মুক্ত না।’
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আজকে যারা জেলখানায় আছেন, তাদের বিরুদ্ধে হাজারও অভিযোগ থাকতে পারে। কিন্তু খুনের মামলা দেয়া হলো কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? আমরা বলব না যে, মামলা প্রত্যাহার করে মুক্তি দেন। কিন্তু জামিনটা অন্তত দেন!’
এ সময় তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নীতিগতভাবে সহায়তা দিতে আন্তরিক সরকার। গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে একজন বিশেষজ্ঞের নেতৃত্বে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে পরামর্শক কমিটি গঠন এবং সমন্বয় করতে চায় সরকার।
এর আগে সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী জানান, চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত