নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

Passenger Voice    |    ০২:২৩ পিএম, ২০২৬-০৫-০৩


নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাংকার যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে।

এই ট্যাংকারে আছে ১৯ লাখ ব্যারল তেল। যেগুলোর দাম ২২০ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার সমান।

ট্যাংকার ট্রেকার রোববার (৩ মে) এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, ট্যাংকারটির নাম ‘হিউজ’। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটিকে শ্রীলঙ্কায় সর্বশেষ দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোমবোক প্রণালি দিয়ে পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।

ট্যাংকার ট্রেকার জানিয়েছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন নৌ-অবরোধ আরোপ করে তখন ‘হিউজ’ ইরানি জলসীমায় ছিল। ট্রেকার প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘হিউজ’ গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের দিকে রওনা দেয়। এরপর থেকেই ট্যাংকারটি আর এটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে যোগাযোগ করেনি। ফলে এই জাহাজের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য জানা যাচ্ছিল না।

এমন সময় ইরানি ট্যাংকার পার হওয়ার তথ্য এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা-যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তাদের অবরোধ বেশ কার্যকরী হিসেবে প্রমাণিত হচ্ছে এবং ইরান তাদের কোনো তেল রপ্তানি করতে পারছে না। এতে করে তাদের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এছাড়া ডিপোগুলো উপচে পড়ায় ইরান তেল উৎপাদন কমিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তারা।

সূত্র: আলজাজিরা