শিরোনাম
Passenger Voice | ১২:১৫ পিএম, ২০২৬-০৪-৩০
সাবেক বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের পর এবার তার বড় ভাই শেখ মহিউদ্দীন হেলিকপ্টার সেবার লাইসেন্স পেয়েছেন। ‘আকিজ এভিয়েশন’ নামে একটি হেলিকপ্টার অপারেটর প্রতিষ্ঠানকে বুধবার (২৯ এপ্রিল) লাইসেন্স দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকতা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটিকে হেলিকপ্টার অপারেশনের লাইসেন্স দেওয়া হয়েছে।
বেবিচক সূত্র জানায়, শেখ মহিউদ্দীন ২০২৫ সালের মার্চে হেলিকপ্টার ব্যবসার আবেদন করেন। আবেদনের জন্য তিনি ‘আকিজ এভিয়েশন’ নামে একটি ট্রেড লাইসেন্স নেন। আবেদনের সময় জমা দেওয়া কপিতে লাইসেন্সটির মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
বেবিচক জানায়, আকিজ এভিয়েশনের ব্যবহৃত হেলিকপ্টারগুলো আগে ‘সাউথ এশিয়ান এয়ারলাইনস’ এবং পরে ‘ইমপ্রেস এভিয়েশন’ পরিচালনা করত। পরবর্তীতে নিজস্ব ব্র্যান্ডে পরিচালনার জন্য ‘আকিজ এভিয়েশন’ নামে অপারেশনের অনুমতি চাওয়া হয়।
বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে আর-৬৬ এবং বেল-৫০৫ ব্র্যান্ডের দুটি হেলিকপ্টার রয়েছে। এগুলো দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে রোগী ও চিকিৎসক পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসা সেবার কাজেও হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল শেখ বশিরউদ্দীনের মালিকানাধীন ‘আকিজ বশির এভিয়েশন’কেও হেলিকপ্টার সেবার লাইসেন্স দেয় বেবিচক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত