দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু

Passenger Voice    |    ০২:১২ পিএম, ২০২৬-০৪-২৯


দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু

উত্তাল হয়ে ওঠা পদ্মা নদী শান্ত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঝড়ো বাতাসের কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ দুই দফা ফেরি চলাচল বন্ধ রাখে। প্রথম দফায় সকাল ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় দফায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ জানান, ঝড়ো বাতাস থেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে নৌযান চলাচল পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ নেই।